ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বিএনপি নেতারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না :কাদের

ads

বিএনপির রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তারা নিজেরাই শীতে কাতর। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে জুলুম আর লুটপাটতন্ত্র।


বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা চারিদিকে শুধু ধ্বংস দেখতে পায়। তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না। আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। কারণ বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘন কুয়াশা জমেছে।


তিনি বলেন, প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ। ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। বিএনপি প্রো-অ্যাকটিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রি-অ্যাকটিভ।


বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি শুধু সমালোচনার তীর ছুঁড়ছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা আওয়ামী লীগের গত সাত দশকের ঐতিহ্য।


করোনা ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, করোনা টিকা নিয়ে বিএনপি আবারো অপপ্রচার শুরু করেছে। নিবেদিত সরকারের যেকোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের ‘মিথ্যা অভিযোগের কলের গান’ অবিরাম বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।


ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে টিকা সংগ্রহ ও টিকা প্রদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সাথে শেষ হবে ইনশাআল্লাহ।


পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন সামনে। তাই আবারো স্মরণ করিয়ে বলতে চাই, যারা নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহ করবে এবং যেসব জনপ্রতিনিধি বিদ্রোহীদের উস্কানি দেবে তাদের ভবিষ্যতে মনোনয়ন ও গুরুত্বপূর্ণ দলীয় কোনো পদ দেয়া হবে না।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ড ও থানায় যতো তাড়াতাড়ি সম্ভব সম্মেলন করতে হবে। সম্মেলন করতে গিয়ে অতীত থেকে শিক্ষা নিতে হবে। পকেট কমিটি কোনোভাবেই করা যাবে না। দলের ত্যাগী নেতাদের কমিটিতে সুযোগ করে দিতে হবে। পরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page